Close
Optional callout text
Hello World!

লাঠির আঘাতে চা শ্রমিক নিহত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামান্য কথা কাটাকাটির জের ধরে কাঠের বর্গার আঘাতে সুধীর হাজরা (৫৫) নামে এক চা বাগান শ্রমিক খুন হয়েছেন।

নিহত সুধীর ফিনলে টি কোম্পানীর ভাড়াউড়া চা বাগানের নাইট চৌকিদার হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার রাত আনুমানিক নয়টায় উপজেলার শহরতলীর ভাড়াউড়া চা বাগানের দক্ষিণ লাইনের চৌমুহনায় এ ঘটনাটি ঘটে।

এদিকে এ ঘটনার পর থেকেই ঘাতক সঞ্জু গড় পলাতক সপরিবারে পলাতক রয়েছেন। তবে পুলিশ ঘটনার সময় তাদের সঙ্গে থাকা ভাড়াউড়া বাগানের পশ্চিম লাইনের মধ্য পাড়ার লাড়– গোপাল বাউরি (২৪) নামে এক ব্যক্তিকে রাতেই আটক করে পুলিশ। তিনি মৃত রামকান্ত বাউরির ছেলে। তাকে পুলিশ মদপ্য অবস্থায় আটক করে।

ইউপি সদস্য ইদ্রিস বলেন, রাত আনুমানিক নয়টারদিকে নিহত সুধীর হাজরার সঙ্গে একই এলাকার বাসিন্দা সুগ্রিম গড়ের ছেলে রিক্সা চালক সঞ্জু গড়ের (২৫) সামান্য কথাকাটি হয়।

একপর্যায়ে সঞ্জু কাঠের বর্গা দিয়ে সুধীর হাজরার মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অধিক রক্তক্ষরণে বাগানের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। তবে কি কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল তা কেউ বলতে পারছেন না।

ভাড়াউড়া চা বাগান হাসপাতালের চিকিৎসক আসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আসার আগেই লোকটির মৃত্যু হয়েছে।

এদিকে ভাড়াউড়া চা বাগানে শ্রমিক খুনের খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও ওসি কে এম নজরুল দ্রুত ঘটনাস্থলে যান।

ওসি কে এম নজরুল বলেন, নিহত সুধীর হাজরার মৃতদেহ আজ সকাল সাতটার দিকে শ্রমিক লাইন থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ খুনের মূল হোতা পলাতক সঞ্জু গড়কে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

scroll to top