Enter your email address below and subscribe to our newsletter

লাখাইয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

Share your love

হবিগঞ্জের লাখাইয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলামের সঞ্চালনায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক।

আলোচনার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রামের পরিচিতি ও চলমান কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এবং সফল কৃষি উদ্যোক্তা ফজলে রাব্বি জিসান।

এছাড়াও উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আহমেদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, পার্টনার প্রোগ্রামসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের কার্যক্রমের ফলে লাখাইয়ের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এক সময়ের খোরপোষের কৃষির পরিবর্তে বর্তমানে বাণিজ্যিক চাষাবাদ সম্প্রসারিত হয়েছে। শস্যের বহুমুখীকরণ ও নিবিড়তা নিশ্চিত হওয়ায় উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও বলেন, হাওরবেষ্টিত লাখাই উপজেলার সুতাং, সাকাতি, বেলেশ্বরী, কানাই ও বলভদ্রসহ বিভিন্ন নদী দীর্ঘদিন খননের অভাবে নাব্যতা হারিয়েছে। ফলে শুষ্ক মৌসুমে সেচ সংকট এবং আগাম বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা সময়ের দাবি। পাশাপাশি কৃষিবান্ধব সরকারের খাল খনন কর্মসূচি আরও বিস্তৃত করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে। তাই জমির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রশান্ত পাল।

Share your love
বিল্লাল আহমেদ
বিল্লাল আহমেদ
Articles: 115

Stay informed and not overwhelmed, subscribe now!