Close
Optional callout text
Hello World!

মিয়ানমারকে মার্কিন রাষ্ট্রদূতের হুঁশিয়ারি

রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। এ ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক কীনব্রিজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারে, মিয়ানমারকে অবশ্যই সেই ব্যবস্থা করতে হবে।

রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গারা যাতে নিরাপদে ফিরে যেতে পারে, সে বিষয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। মিয়ানমারকে অবশ্যই তাদের দেশে এসব মানুষকে নিরাপদ ও সম্মানজনকভাবে ফিরিয়ে নিতে পরিবেশ তৈরি করতে হবে।

আর্ল রবার্ট মিলার আরো বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র প্রধান দাতা হিসেবে কাজ করছে। এরই মধ্যে ৫৫০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

তিনি বলেন, আবারও বলছি- মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে হবে এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গেই থাকবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সোমবার দুদিনের সফরে সিলেটে আসেন। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে ঢাকায় ফেরার আগে অনির্ধারিতভাবেই পরিদর্শনে যান সিলেটের ঐতিহাসিক কীনব্রিজ। কীনব্রিজ পরিদর্শনের সময় রবার্ট মিলারের সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।

scroll to top