Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে ভোররাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার বহরা ইউনিয়নের মনতলা স্টেশন বাজার ঘেষা রাজাপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে বুধবার ভোররাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে কাজে যাওয়ার সময় কয়েকজন শ্রমিক মন্দিরে আগুন জ্বলতে দেখে দ্রুত আশপাশের লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনে মন্দিরের বিভিন্ন পূজার সামগ্রী, একটি টিনশেড ঘর ও পানির ট্যাংকিসহ বিভিন্ন স্থাপনা পুড়ে যায়। এতে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সভাপতি নারায়ণ পদ পাল বলেন, সম্প্রতি এলাকাজুড়ে মন্দিরকে ঘিরে একাধিক ঘটনা ঘটছে। তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং এ ঘটনার পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান।
স্থানীয় সংখ্যালঘু অধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বিশ্বজিৎ পাল বলেন, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। তার মতে, একটি স্বার্থান্বেষী চক্র পরিস্থিতি অস্থিতিশীল করতে এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।