Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

মুজাহিদ মসি: হবিগঞ্জের মাধবপুরে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রায় ৫ মাস ধরে স্কুলের সামনে জমে থাকা পানির কারণে শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এমনকি পানির কারণে তারা ওয়াশরুমে পর্যন্ত যেতে পারছেন না। পিচ্ছিল মাঠে হুঁচট খেয়ে অনেক শিক্ষার্থী দুর্ঘটনারও শিকার হচ্ছেন।
প্রসঙ্গত, এই বিদ্যালয়টি ২০২৪ সালে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও সিলেট বিভাগীয় পর্যায়ে রানারআপ হয়।
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সোমাইয়া আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে আমরা খেলাধুলা করতে পারছি না। আমাদের ভীষণ সমস্যা হচ্ছে।”
সরেজমিনে জানা যায়, সোয়াবই গ্রামের মইদর আলীর পুত্র নজরুল মিয়া ইচ্ছাকৃতভাবে পানি নিষ্কাশনের পথ মাটি ফেলে বন্ধ করে দিয়েছেন। বারবার অনুরোধ করা হলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বলেন, “আমরা খুব কষ্টের মধ্যে আছি। ইউএনও স্যারের কাছে লিখিত আবেদন করেছি। কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ কামনা করছি।”
যোগাযোগ করা হলে মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাসেম জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।