Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা অমান্য করে হবিগঞ্জের মাধবপুরে টোল আদায়ের নামে প্রকাশ্য চাঁদাবাজি চলার অভিযোগ উঠেছে। স্থানীয় চালক ও যাত্রীদের দাবি, পৌর প্রশাসনের নীরবতার সুযোগে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ আদায় করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর পৌর এলাকার বিভিন্ন সড়কে ‘হাজী শাহ মোহাম্মদ মাহফুজ মিয়া—ইজারাদার’ লেখা টোকেন দেখিয়ে পৌরসভার কিছু লোকজন যানবাহন থেকে টাকা আদায় করছেন। ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধাপে এই অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চালকেরা।

স্থানীয় কয়েকজন চালক জানান, বিষয়টি নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাহিদ বিন কাসেম-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগকারী লোকমান মিয়া বলেন,
“দীর্ঘদিন ধরেই এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসছি। এ ধরনের কোনো টেন্ডার আইনসম্মত নয়। তারা নীরবভাবে চাঁদাবাজি করছে এবং পৌর প্রশাসক কিংবা ইউএনওকে ম্যানেজ করেই এসব করছে।”
আইনগত দিক থেকে জানা যায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর উচ্চ আদালতের রিট পিটিশন নং ৪৬৪০/২০২২-এর আদেশের আলোকে স্থানীয় সরকার বিভাগ দেশের সব পৌরসভাকে সড়ক ও মহাসড়কে নির্ধারিত টার্মিনাল ছাড়া কোনো ধরনের টোল আদায় না করতে নির্দেশ দেয়। ওই নির্দেশনা অনুযায়ী যেকোনো স্ট্যান্ডে টোল আদায় সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও অবৈধ।
এ বিষয়ে অভিযুক্ত হাজী শাহ মোহাম্মদ মাহফুজ মিয়া-র সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন,
“আমি নিয়ম মেনেই সবকিছু করছি।”
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাধবপুর পৌর প্রশাসক ও ইউএনও জাহিদ বিন কাসেমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে এই অবৈধ টোল আদায় আরও ভয়াবহ রূপ নিতে পারে।