Enter your email address below and subscribe to our newsletter

বানিয়াচংয়ে রহস্যজনক মৃত্যু, একাধিক লাশ উদ্ধার ও নিখোঁজের ঘটনায় আতঙ্ক ও সর্বমহলে উদ্বেগ

Share your love

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একের পর এক রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার এবং নিখোঁজের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সর্বশেষ ঘটনায় নিখোঁজের একদিন পর হাওর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার সদর এলাকার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড় সড়ক সংলগ্ন একটি হাওর থেকে সজলু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি তাতারি মহল্লার বাসিন্দা এবং দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে হাওরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদসহ একদল পুলিশ এবং স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের দাবি, সোমবার সকালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সজলু মিয়া। সারারাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে নাপিতের হাওরে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

নিহত সজলু মিয়ার পরিবারে রয়েছে ১০ বছর বয়সী এক কন্যা এবং ৫ ও ৩ বছর বয়সী দুই পুত্র সন্তান। এছাড়া তিনি তিন প্রতিবন্ধী ভাইয়ের ভরণপোষণও করতেন। তার মৃত্যুর পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে, সাম্প্রতিক সময়ে বানিয়াচংয়ে একাধিক রহস্যজনক ঘটনার পর জনমনে উদ্বেগ আরও বেড়েছে।

গত ২৪ মার্চ দৌলতপুর ইউনিয়ন থেকে মোহাম্মদ আলী (২৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। একইভাবে ৬ এপ্রিল শুটকি নদীর পাশে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়, যার পরিচয় এখনো জানা যায়নি।

অন্যদিকে, ২ এপ্রিল নিখোঁজ হওয়া এক নারীকে ৪ এপ্রিল হাওর এলাকা থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়, যিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখনো সব আসামিকে গ্রেফতার করা হয়নি।

এছাড়া ৫ এপ্রিল টমটম চালক সুভাস সরকার এবং এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
এসব ঘটনায় স্থানীয় সচেতন মহল আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং নিখোঁজদের উদ্ধারের দাবি জানিয়েছেন।

Share your love
আকিকুর রহমান রুমন
আকিকুর রহমান রুমন
Articles: 140

Stay informed and not overwhelmed, subscribe now!