Home নবীগঞ্জনবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ অটোরিকশা, বাস ও ২ মোটরসাইকেল ছাই

নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ অটোরিকশা, বাস ও ২ মোটরসাইকেল ছাই

০ comments

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডে নয়টি সিএনজিচালিত অটোরিকশা, একটি বাস ও দুটি মোটরসাইকেল পুড়ে যায়।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে একটি পুরোনো বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিকট শব্দের সাথে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে রাখা গাড়িতে ছড়িয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আগুন লাগা বাসটি পুরোনো ছিল। গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে একটি বাস, নয়টি সিএনজি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত স্টেশনের মূল গ্যাস মজুত অংশে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সাথে সাথে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই গাড়ি সরানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি। এ ঘটনায় পাম্পের কর্মচারীসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You may also like