Enter your email address below and subscribe to our newsletter

জনপ্রতিনিধিদের অবহেলায় নিজের উদ্যোগে ১৫০০ ফুট গ্রামীণ রাস্তা মেরামত করলেন গ্রামবাসী

Share your love

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে জনপ্রতিনিধিদের আশায় না থেকে নিজ উদ্যোগে প্রায় ১৫০০ ফুট গ্রামীণ রাস্তা মেরামত করেছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব ইটাখোলা গ্রামের গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের প্রধান চলাচলকারী রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যেত। ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হতো।

এ বিষয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া হলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দেখা যায় না।

এমন পরিস্থিতিতে গ্রামের সচেতন মুরুব্বিদের পরামর্শে এবং যুবসমাজের নেতৃত্বে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়। কয়েকদিনের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ১৫০০ ফুট রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান,

“আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। কিন্তু কোনো সাড়া না পেয়ে নিজেদের প্রয়োজনেই নিজেরাই উদ্যোগ নিয়েছি। জনপ্রতিনিধিরা দায়িত্বশীল হলে আমাদের এভাবে কষ্ট করতে হতো না।”

এলাকাবাসীর মতে, এই উদ্যোগ প্রমাণ করে—ঐক্য, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে সীমিত সামর্থ্যের মধ্যেও উন্নয়ন সম্ভব। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি স্মরণ রেখে এলাকার মৌলিক অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা হয়।

Share your love
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 116

Stay informed and not overwhelmed, subscribe now!