Home জাতীয়চিকিৎসা না হলে কেমন করে বাঁচবেন খালেদা জিয়া : সেলিমা ইসলাম

চিকিৎসা না হলে কেমন করে বাঁচবেন খালেদা জিয়া : সেলিমা ইসলাম

০ comments
Selima-Rahman

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দেখে এসে তাঁর বোন বেগম সেলিমা ইসলাম বলেছেন, ‘তাঁর (খালেদা জিয়ার) স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে। সরকার তাঁকে জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাঁর যে চিকিৎসা দরকার এখানে সেই চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা না হলে কেমন করে বাঁচবেন তিনি?’

‘খালেদা জিয়ার স্বাস্থ্যের আগের চাইতে আরো অনেক বেশি অবনতি হয়েছে। সেদিন তো তাঁর ফাস্টিং (ডায়াবেটিসের রোগীর খালি পেটে ব্লাড সুগারের পরীক্ষা) বললাম ১৫, আজকে ১৮। তিনি হাত সোজা করতে পারছেন না। তাঁর হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙুল বাঁকা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা এবং দুই হাঁটু অপারেশন করা হয়েছে। হাঁটুতেও ব্যথা, হাঁটু ফুলে গেছে- তিনি পা ফেলতে পারছেন না’, যোগ করেন সাবেক প্রধানমন্ত্রীর বোন।

আজ রোববার বিকেল ৩টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের ছয় স্বজন বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন। স্বজনদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা সিথী, কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম ও নাতনি আরিফা ইসলাম। তাঁরা প্রায় সোয়া ঘণ্টা সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন। এ সময় সেলিমা ইসলাম সেখানে থাকা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

জামিনের ব্যাপারে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের কোনো কথা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ‘সেদিন তো জামিন দিল না। এ বিষয়ে কোনো কথা বলেননি। খালেদা জিয়ার কথা বলতে কষ্ট হচ্ছে, কিছু খাচ্ছেন না এবং খেলেও তা বমি করে ফেলে দিচ্ছেন।’

‘ডাক্তার আজকে বোধহয় এসেছিলেন, তাঁরা ওষুধ দিয়েছেন কিন্তু সেই ওষুধে কাজ হচ্ছে না। তাঁর উন্নত চিকিৎসা দরকার।’

এ সময় সেলিমা ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমরা তো পারমিশন পাই না। আজকে এক মাস হলো অনেক বলার পরে আমরা দেখা করার অনুমতি পেলাম। আমরা কাছে এলে তাও তো তাঁর একটু ভালো লাগে কিন্তু আমরা যে দেখতে আসব সেই পারমিশনও তারা দিচ্ছে না। এক মাস দেড় মাস হয়ে যায় কোনো পারমিশন দেয় না।’

চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া কিছু বলেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বোন সেলিমা ইসলাম বলেন, ‘তিনি অসুস্থ, তিনি তো উন্নত চিকিৎসা চাইবেনই। তাঁর সুস্থ হওয়ার জন্য উন্নত চিকিৎসা খুবই জরুরি।’

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান সেলিম ইসলাম।

ব্রিফিংয়ের সময় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :

আল্লামা তাফাজ্জুল হক হুজুর আর নেই

এস কে সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

You may also like