Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচার ও বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, ভুক্তভোগী এক যুবককে ইতালি পাঠানোর কথা বলে চক্রটি তার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা নেয়। পরে তাকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর আরও টাকা দাবি করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে পরিবারের সঙ্গে ভুক্তভোগীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একাধিক মরদেহ দেখা যায়। এতে পরিবারের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়। তবে ভুক্তভোগীর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন রুমান মিয়া (৩৬) ও সোহাগ মিয়া (২৫)।
র্যাব জানিয়েছে, আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।